বগুড়ার ধুনট উপজেলায় পাকা রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় সিনহা আক্তার (৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার, ৭ মার্চ বিকেল ৩টায় ধুনট উপজেলার সোনাহাটা-বগুড়া সড়কের নান্দিয়ারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিনহা আক্তার উপজেলার নিমগাছি ইউনিয়নের নান্দিয়ারপাড়া গ্রামের সোহেল রানার মেয়ে। সে নান্দিয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সিনহা আক্তারের বাড়ির পাশে দিয়ে সোনাহাটা-বগুড়া পাকা সড়ক। আজ দুপুরে সিনহা আক্তার প্রতিবেশির বাড়ি থেকে বাবার বাড়িতে ফিরছিল। এসময় রাস্তা পারাপারের সময় বেপরোয়া যাত্রীবাহি একটি অটোরিকশার ধাক্কায় আহত হয় সিনহা আক্তার।
পরে স্বজনরা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সিনহার মৃত্যু হয়।
ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার কথা শুনেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
পতাকানিউজ/পিএম/আরবি

