ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সাত ঘন্টার ব্যবধানে ফের গুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীররাতে এ ঘটনায় সাদ্দাম হোসেন (৩২) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। নিহত সাদ্দাম ওই এলাকার মো. মস্তু মিয়ার ছেলে।
শুক্রবার সকালে এই রিপোর্ট লেখার সময় ৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে তার লাশ রয়েছে। এই সময়ের মধ্যে এ বিষয়ে থানা মামলা হয়নি।
নিহতের পরিবারের অভিযোগ করে জানায়, বুধবার সন্ধ্যায় আধিপত্য বিস্তার নিয়ে কান্দিপাড়া এলাকায় তিনজনকে গুলি করে আহত করা হয়। এনিয়ে এলাকায় উত্তেজনা চলছিল। মধ্যরাতে সাদ্দামকে ঘর থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়। কিছুক্ষণ পর খবর আসে সাদ্দাম গুলিবিদ্ধ অবস্থায় কান্দিপাড়ার সড়কে পড়ে আছে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রতিপক্ষকে ফাঁসাতে একটি পক্ষ এ হত্যাকাণ্ড ঘটায় বলে তারা অভিযোগ করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. আজহারুল ইসলাম জানান, আধিপত্য বিস্তার নিয়ে কন্দিপাড়ার দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছে। এর জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় কান্দিপাড়া মাদরাসা রোডে গুলিতে টুটুল, শিহাব, সাঞ্জু নামে তিনজন আহত হন। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছিল।
-পতাকানিউজ/এসএমআর

