দুই হাসপাতালে ধারাবাহিক পরীক্ষা-নিরীক্ষার পর অভিনেত্রী তানিয়া বৃষ্টির মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শে গত রোববার বিকেলে চার ঘণ্টাব্যাপী অস্ত্রোপচার সম্পন্ন হয়। অস্ত্রোপচারের পর সোমবার সকালে তাঁকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা ‘মোটামুটি ভালো’ বলে জানিয়েছেন নির্মাতা সকাল আহমেদ।
সকাল আহমেদের ভাষ্য অনুযায়ী, অস্ত্রোপচারের পর তাঁকে ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং চিকিৎসকেরা খুব কম কথা বলার পরামর্শ দিয়েছেন। অস্ত্রোপচারের আগে যে শঙ্কা ছিল, আপাতত তা কেটে গেছে বলেও জানান তিনি। কেবিনে নেওয়ার পর কয়েকজন সহকর্মী তাঁকে দেখতে গিয়েছেন।
চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে এবং কোনো তাৎক্ষণিক জটিলতা দেখা যায়নি। তবে পরবর্তী ২৪ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তাঁরা। পোস্ট-অপারেটিভ কিছু জটিলতার আশঙ্কা থাকায় এখনই তাঁকে পুরোপুরি বিপদমুক্ত বলা যাচ্ছে না।
এ পরিস্থিতিতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, হাসপাতালে অযথা ভিড় না করতে এবং অতিরিক্ত ফোনকল দিয়ে তাঁকে বিরক্ত না করতে। সংশ্লিষ্টদের মতে, এমন সংবেদনশীল সময়ে মানসিক স্থিতি ও পূর্ণ বিশ্রামই সবচেয়ে জরুরি। পাশাপাশি ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কাছে তাঁর দ্রুত আরোগ্যের জন্য দোয়া চাওয়া হয়েছে।
অসুস্থতা শুরু যেভাবে
পরিচালক সকাল আহমেদ জানান, বেশ কিছুদিন ধরে তানিয়া বৃষ্টি তীব্র মাথাব্যথা, জ্বর-ঠান্ডা ও শারীরিক অস্বস্তিতে ভুগছিলেন। প্রথমদিকে বিষয়টি তেমন গুরুত্ব দেওয়া হয়নি। কয়েক দিন আগে অবস্থার অবনতি হলে তাঁকে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় ব্রেন টিউমার ধরা পড়ে। পরে ঢাকার আরেকটি হাসপাতালে পুনরায় পরীক্ষা করানো হলে একই ফলাফল আসে এবং সেখানেই অস্ত্রোপচার সম্পন্ন হয়।

অস্ত্রোপচারের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই লিখেছিলেন, ‘কাল আমার মাথায় অস্ত্রোপচার, দোয়া করবেন সবাই। ব্রেন টিউমার।’ তাঁর সেই পোস্ট ছড়িয়ে পড়লে ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
সহকর্মীদের প্রার্থনা
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী লিখেছেন, ‘তোমার জন্য প্রার্থনা প্রিয়। দ্রুত সুস্থ হয়ে ওঠো।’ সামিরা খান মাহি হাসপাতালের একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘হাসপাতালের বিছানায় নয়, তোমাকে আবার হাসিমুখে আমাদের মাঝে দেখতে চাই।’ অভিনেত্রী তমা মির্জাও দ্রুত আরোগ্য কামনা করেছেন। এ ছাড়া চয়নিকা চৌধুরী, কচি খন্দকার, তানিম রহমান অংশুসহ আরও অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দোয়া চেয়েছেন। কেউ কাজের স্মৃতি ভাগ করে নিয়েছেন, কেউ শেয়ার করেছেন পুরোনো হাসিমুখের ছবি। প্রায় প্রতিটি বার্তায় একই প্রার্থনা—দ্রুত সুস্থ হয়ে উঠুন তানিয়া।

ব্যস্ত সময়ের মাঝেই থমকে যাওয়া
বর্তমান সময়ের ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে তানিয়া বৃষ্টি অন্যতম। নিয়মিত নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন তিনি। ২০১৫ সালে আকরাম খান পরিচালিত চলচ্চিত্র ‘ঘাসফুল’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। ২০১৯ সালে মুক্তি পায় তাঁর অভিনীত ‘গোয়েন্দাগিরি’। দীর্ঘ বিরতির পর আবারও সিনেমায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। রায়হান খানের পরিচালনায় ‘ট্রাইব্যুনাল’ সিনেমায় কাজের কথাও ছিল। ঠিক এমন সময়েই তাঁর অসুস্থতার খবর ভক্তদের উদ্বিগ্ন করে তোলে।
-পতাকানিউজ

