বগুড়ার সোনাতলায় শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির নিচে চাপা পড়ে গাবতলীর সোনারায় ইউনিয়নের সাবেক ইউপি সদস্য কুড়ানু প্রামানিক (৫২) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।
মঙ্গলবার, ২৩ জুন সকাল ৯টায় সোনাতলার দিগদাইড় ইউনিয়নের নুরপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কুড়ানু সোনারায় ইউনিয়নের জামিরবাড়িয়া গ্রামের মৃত দাবাড়ু প্রামানিকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গরু কেনার উদ্দেশ্যে ভরতখালী হাটে যাওয়ার পথে নুরপুর বাজার এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে গরুবোঝাই ভটভটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ভটভটি উল্টে গিয়ে ঘটনাস্থলেই কুড়ানু প্রামানিক তার নিচে চাপা পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করলেও ততক্ষণে তিনি মারা যান।
দুর্ঘটনায় ভটভটির চালকসহ আরও দুইজন আহত হয়েছেন। পরে নিহতের স্বজনরা মরদেহ উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান।
সোনাতলা থানার এসআই গৌতম সাহা জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত বিষয় প্রক্রিয়াধীন।
পতাকানিউজ/পিএম/আরবি

