বগুড়ার মানসিক ভারসাম্যহীন ফুপাতো ভাই সম্রাট (২৬) এর কাঁচের বোতলের আঘাতে মামাতো ভাই রূপক মিয়া নিহত হয়েছেন।
শনিবার, ১৮ এপ্রিল দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত রূপক মিয়া (৩৫) দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌর এলাকার মন্ডলপাড়ায় আমানত হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, তালোড়া মন্ডলপাড়ার ইলিয়াছ হোসেনের ছেলে সম্রাট মানসিক ভারসাম্যহীন। ইলিয়াছ জীবিকার প্রয়োজনে বরিশালে কাজ করেন। তার ছেলে সম্রাট মাঝে মধ্যেই বাড়িতে মায়ের সঙ্গে উত্তেজিত হয়ে খারাপ আচরণ করেন। ঘটনার দিন রাত ৮টায় এরকম আচরণ শুরু করলে ইলিয়াছ তার শ্যালকের ছেলে রূপককে বিষয়টি জানিয়ে সম্রাটকে শান্ত করতে তার বাসায় যেতে বলেন।
পরে রূপক বাসায় গিয়ে সম্রাটকে শান্ত করার চেষ্টা করেন। এসময় সম্রাট কাঁচের বোতল দিয়ে রূপকের মাথায় আঘাত করলে রূপক চিৎকার শুরু করেন। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে মারা যান রূপক।
দুপচাঁচিয়া থানার ওসি তাজমিলুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী আরিফা জাহান থানায় মামলা করেছেন। মামলার একমাত্র আসামি সম্রাটকে গ্রেপ্তার করা হয়েছে।
পতাকানিউজ/পিএম/আরবি

