মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলায় ভাগ্নেকে ৫ বছরের কারাদণ্ড দেয়ার কথা শুনে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মামা। মঙ্গলবার, ৩০ জুন ঢাকার মহানগর দশম অতিরিক্ত আদালতে এ ঘটনা ঘটে।
আদালতের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। আসামি মো. মিঠুনসহ ৯ আসামিকে ৫ বছরের কারাদণ্ড দেন আদালত। এসময় আদালতে উপস্থিত মিঠুনের মামা আইয়ুব হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান। পরে জনসন রোডের ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।
আদালতের বেঞ্চ সহকারী ফারুকুল ইসলাম দেওয়ান জানান, এ মামলার ৯ আসামির মধ্যে শুধু মিঠুন আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর মিঠুনের মামা আইয়ুব অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান।
সাজাপ্রাপ্ত অন্য আট আসামিরা হলেন— মো. মুরাদ, ছাবির, মো. রাজা, মো. মাসুম হোসেন, মো. মিঠুন, মো. বিল্লাল, রাজা, মো. ওয়াহিদুল সনু ও মো. জুম্মন মিয়া। এ আটজন পলাতক থাকায় সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
৫ বছরের সাজা পাশাপাশি আসামিদের ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে অতিরিক্ত এক মাসের সাজা দেয়া হয়েছে।
মামলার বিবরণে বলা হয়েছে, ২০১৮ সালের ২৬ মে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্পে মাদক ক্রয়-বিক্রি হচ্ছে এমন সংবাদে অভিযান চালায় র্যাব-২। এসময় ১ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ ৯ জনকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনার দিন পুলিশ পরিদর্শক ইকরামুল হক চৌধুরী বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ২২ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক সাজেদুল হক। এতে আসামি মিঠুনসহ ৯ জনকে অভিযুক্ত করা হয়।
২০১৯ সালের ২৭ মে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। বিচার চলাকালে চারজনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।
পতাকানিউজ/এএ/আরবি

