দেড় মাস আগে দেশি পুরোনো পেঁয়াজের দাম কেজিতে ৭০–৮০ টাকা থেকে বেড়ে ১২০ টাকায় ওঠে। এই দাম প্রায় এক মাসের বেশি সময় স্থির ছিল। তবে ডিসেম্বরের শুরুতে হঠাৎ করে পেঁয়াজের দাম আরও ৩০–৪০ টাকা বেড়ে কেজিতে ১৬০ টাকায় পৌঁছায়। এমন পরিস্থিতিতে সরকার পার্শ্ববর্তী দেশ ভারত থেকে সীমিত পরিসরে পেঁয়াজ আমদানির অনুমোদন দেয়।
সরকার ও ভোক্তাদের প্রত্যাশা ছিল, ভারতীয় পেঁয়াজ বাজারে এলে সিন্ডিকেট ভেঙে দেশি পেঁয়াজের দামও কমবে। তবে বাস্তবে সেই প্রভাব দেখা যায়নি। আমদানিকৃত পেঁয়াজ বাজারে এলেও গত তিন–চার দিনে পেঁয়াজের দামে কোনো লাগাম পড়েনি। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে এখনো দেশি পেঁয়াজ কেজিতে ১৪০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এখনো আগের অর্থবছরের উৎপাদিত প্রায় এক লাখ টন পেঁয়াজ মজুত রয়েছে। পাশাপাশি নতুন পেঁয়াজও বাজারে আসতে শুরু করেছে। এ অবস্থায় বেশি পরিমাণ আমদানির অনুমোদন দিলে দেশীয় কৃষকেরা ক্ষতিগ্রস্ত হতে পারেন—এই বিবেচনায় সরকার প্রতিদিন সীমিত পরিমাণ পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, দেশি পুরোনো পেঁয়াজ কেজিতে ১৪০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। তুলনামূলক ছোট ও শিকড় গজানো পেঁয়াজ কোথাও কোথাও ১৩৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে। ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে ১২০ থেকে ১৩০ টাকা হলেও বাজারে এটি খুব বেশি পাওয়া যাচ্ছে না।
মুগদা বাজারের এক খুচরা বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, বাজারে পর্যাপ্ত সরবরাহ না থাকায় তাঁদের বেশি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে। ফলে বিক্রিও করতে হচ্ছে বেশি দামে। তাঁর ভাষায়, ‘বড় আড়তদাররাই ঠিক করে দেন কোন দিন কত দামে পেঁয়াজ বিক্রি হবে। আমরা সেই দামে কিনে এনে বিক্রি করি।’
পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ, সরকার পেঁয়াজ আমদানি পুরোপুরি উন্মুক্ত না করে সীমিতসংখ্যক ব্যবসায়ীকে আমদানির অনুমতি দিয়েছে। এতে বাজারের চাহিদা অনুযায়ী পেঁয়াজ না আসায় দাম কমছে না।
কারওয়ান বাজারের আড়তে দেখা গেছে, পাঁচ কেজি দেশি পেঁয়াজ ৬০০ টাকায় বিক্রি হচ্ছে, যা কেজিতে ১২০ টাকা। সেখানে ভারতীয় পেঁয়াজের পাইকারি দাম কেজিতে ৮০ থেকে ১০০ টাকা।
কারওয়ান বাজারের ব্যবসায়ী আকমল সরকার বলেন, ভারতীয় পেঁয়াজের সরবরাহ কম থাকায় আড়তদারেরা কোনো ধরনের পেঁয়াজের দামই কমাতে পারছেন না।
ঢাকার বাইরে চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জেও পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। খোঁজ নিয়ে জানা গেছে, সেখানে দেশি পেঁয়াজ কেজিতে ১২০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
পতাকানিউজ/এআই

