সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৬ষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিল ও সাধারণ সম্মেলন উপলক্ষে শুভেচ্ছা ও সংহতি জানিয়েছেন ভারতের প্রগতিশীল ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সর্বভারতীয় সভাপতি নেহা বোরা। তিনি বলেছেন, ‘ভারতে চলমান জেন-জি আন্দোলন মূলত বাংলাদেশকে দেখে শুরু হয়েছে।’
মঙ্গলবার (১৩ অক্টোবর) নিজেদের ফেসবুক পেজে নেহা বোরার ভিডিও বার্তাটি শেয়ার করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
ভিডিও বার্তায় নেহা বোরা বলেন, ‘ভারতজুড়ে এখন যে জেন-জি আন্দোলন চলছে, তা মূলত শুরু হয়েছে বাংলাদেশকে দেখে। আমাদের পথ দেখানোর জন্য এবং ভারতের তরুণ সমাজের প্রতি সমর্থন জুগিয়ে যাওয়ার জন্য আপনাদের ধন্যবাদ।’

বাংলাদেশের আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বাংলাদেশে যে আন্দোলন শুরু হয়েছিল, তা ছিল গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনার লড়াই। বর্তমানে ভারতে চলমান বিক্ষোভের উদ্দেশ্যও একই।’
নেহা বোরা আরও বলেন, ‘আমরা আপনাদের প্রতি সংহতি প্রকাশ করছি। আপনাদের কাছ থেকে আমরা অনুপ্রেরণা পেয়েছি এবং আপনাদের আন্দোলন থেকে শিখতে পেরেছি। আশা করি, আপনারা ও আমরা মিলে একটি ভালো দক্ষিণ এশিয়া গড়তে পারব।’
সূত্র: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ফেসবুক পেজ
পতাকানিউজ/এমএম

