ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক রয়েছে, আর রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে সরকার কাজ করছে— এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর সন্ধ্যায় সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, বাণিজ্য ও রাজনীতিকে আলাদা করে দেখতে হবে। কূটনৈতিক নানা বিষয় থাকলেও অর্থনীতির বাস্তবতা বিবেচনায় নেওয়া জরুরি। তিনি উদাহরণ দিয়ে বলেন, ভারত থেকে চাল না এনে যদি ভিয়েতনাম থেকে আমদানি করতে হয়, তাহলে প্রতি কেজিতে প্রায় ১০ টাকা বেশি খরচ পড়বে।
ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক খুব খারাপ হয়ে গেছে—এমনটি নয় উল্লেখ করে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, সরকার চেষ্টা করছে যেন সম্পর্ক কোনোভাবেই অস্বাভাবিক না হয়।
তিনি আরও বলেন, ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে প্রধান উপদেষ্টা নিজেও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কোনো প্রতিবেশীর সঙ্গেই বাংলাদেশ তিক্ত সম্পর্ক চায় না।
পতাকানিউজ/এআই

