ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক হয়ে বিভিন্ন কারাগারে সাজা ভোগ শেষে ১৭ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।
বুধবার, ১৭ ডিসেম্বর সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের বাংলাদেশে হস্তান্তর করা হয়।
এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং দুই দেশের ইমিগ্রেশন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে পুলিশ তাঁদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করে।
তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, ফেরত আসা ব্যক্তিরা গত বছরের নভেম্বর মাসে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সে সময় বিএসএফ তাদের আটক করে এবং ভারতীয় পুলিশের মাধ্যমে আদালতে হাজির করে। আদালত অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। সাজা শেষে বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে তাদের বাংলাদেশে ফেরত পাঠায়।
ফেরত আসা বাংলাদেশি নাগরিকদের মধ্যে রয়েছেন মো. পায়েল আহমদ (২৪), মো. দুলাল হোসেন (২২), মো. অনিক (২৫), মো. সালমান আহমেদ (২৬), সুলাইমান হোসেন (৩০), মো. জাহেদুল ইসলাম (৩৫), মো. মোরসালিন (২৫), মিথুন গোয়ালা (২৬), মো. সুজন (২৭), অংকন ব্যানার্জি (৩৫), মো. সিরাজুল ইসলাম (২৭), ওমর ফারুক (২৮), মো. মাজিদ (২৭), ইমান আলী (৩০), মো. রাসেল মিয়া (২৫), রুপা বেগম (২৫) ও জুমা আক্তার (৩০)।
তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ (এসআই) মো. বজলুর রশিদ বলেন, ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সাজা ভোগ শেষে এই ১৭ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। দুই দেশের সীমান্ত ও ইমিগ্রেশন কর্তৃপক্ষের সমন্বয়ের মাধ্যমেই পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পতাকানিউজ/এআই

