ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ অনড় বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। এ অবস্থান থেকে আইসিসিকে বোঝাতে সক্ষম হবে বলেও আশা প্রকাশ করেছেন উপদেষ্টা। আগামী দুই এক-দিনের মধ্যে আইসিসিকে এ বিষয়ে চিঠি দেয়া হবে।
বুধবার, ৭ জানুয়ারি বিকেলে সচিবালয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে দেখা করতে যান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি, সহসভাপতি ও কয়েকজন বোর্ড পরিচালক। বৈঠক শেষে উপদেষ্টা সাংবাদিকদের এ কথা জানান।
এসময় উপদেষ্টা বলেন, ‘আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, দেশের নিরাপত্তা ও মর্যাদার প্রশ্নে আমরা কোনো আপস করবো না। আমরা ক্রিকেট খেলতে চাই, আমরা বিশ্বকাপ খেলতে চাই। আরেকটা যে আয়োজক দেশ আছে শ্রীলঙ্কা, আমরা সেখানে খেলতে চাই।’
তিনি বলেন, ‘এ পজিশনে ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড়। আমরা কেন অনড়, আমরা আশা করি সেটা আইসিসিকে বোঝাতে সক্ষম হবো। আইসিসি আমাদের যুক্তিগুলো সহৃদ্যতার সঙ্গে নিরপেক্ষভাবে বিবেচনা করে কষ্ট করে যেটা অর্জন করেছি সেই টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের খেলার সুযোগ করে দেবে।’
রবিবার, ৪ জানুয়ারি আইসিসিকে পাঠানো এক ই-মেইল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল ভারত যাবে না বলে জানায়।
এরপর সোমবার, ৫ জানুয়ারি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়ে টেলিভিশন চ্যানেলগুলোর কাছে পাঠানো চিঠি পাঠায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী ২৬ মার্চ থেকে অনুষ্ঠেয় আইপিএল ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দল থেকে বাদ দেয়। এ ঘটনায় দেশজুড়ে প্রতিক্রিয়া তৈরি হয়।
পতাকানিউজ/আরবি

