ভারতের তেলেঙ্গানা রাজ্যের চেভেল্লায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিন মাস বয়সী এক শিশুও আছে। সোমবার, ৩ নভেম্বর সকালে রাজ্যের শেভেলা মন্ডলে এ দুর্ঘটনা ঘটে।
দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, সকালে হায়দরাবাদগামী রাজ্য পরিবহন সংস্থার (আরটিসি) একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ১৬ জন মারা যান। পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, দুপুর পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে।
এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের স্থানীয় চেভেল্লা কমিউনিটি হেলথ সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখানকার চিকিৎসকরা জানিয়েছেন, কয়েকজনের অবস্থা গুরুত্বর। তাদের পাটনাম মহিন্দ্রা রেড্ডি ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস এবং ভাস্কার জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাস্থলে সৃষ্টি হয় হৃদয়বিদারক দৃশ্য। বাসের ভেতরে আটকে থাকা যাত্রীরা সাহায্যের জন্য চিৎকার করছিলেন। পরে স্থানীয়রা ছুটে এসে উদ্ধারকাজে অংশ নেন। ঘটনাস্থলে তিনটি জেসিবি মেশিন এনে ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের উদ্ধার করা হয়।
নিহতদের মধ্যে দুই চালক, বেশ কয়েকজন নারী, এক শিশু ও তার মা রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। আহতদের মধ্যে অনেকে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ৫ লাখ টাকা রুপি করে সহায়তার আশ্বাস দিয়েছে তেলেঙ্গানা রাজ্য সরকার। তেলেঙ্গানা স্টেট রোড ট্রান্সপোর্ট করপোরেশন থেকে আরও ২ লাখ রুপি দেওয়া হবে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি ঘোষণা দিয়েছেন, নিহতদের পরিবারের জন্য প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লাখ এবং আহতদের জন্য অনুদান দেওয়া হবে ৫০ হাজার রুপি।
পতাকানিউজ/টিআইএ

