ভারত থেকে আরও ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানি করবে সরকার। এতে মোট ব্যয় হবে প্রায় ২১৪ কোটি ৭০ লাখ টাকা। খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবে এই আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।
সোমবার, ১৫ ডিসেম্বর অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৫–২৬ অর্থবছরের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারতের মেসার্স বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের কাছ থেকে ৫০ হাজার মেট্রিক টন নন–বাসমতি সিদ্ধ চাল কেনা হবে। এটি প্যাকেজ–৮-এর আওতায় আমদানি করা হবে।
এই চালের প্রতি মেট্রিক টনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫১ দশমিক ১১ মার্কিন ডলার। সব মিলিয়ে এতে ব্যয় হবে ২১৪ কোটি ৭০ লাখ ৩৭ হাজার ৬৫০ টাকা।
এর আগে খাদ্য মজুত ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার কয়েক দফায় ভারত ও সিঙ্গাপুর থেকে চাল আমদানির অনুমোদন দিয়েছিল।
সোমবারের বৈঠকে চালের পাশাপাশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও সার আমদানির প্রস্তাবেও অনুমোদন দেওয়া হয়েছে।
পতাকানিউজ/এআই

