বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। শনিবার (২৫ এপ্রিল) সকালে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস ঢাকা–এর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকদের জন্য অভিবাসী ভিসা ইস্যু আপাতত বন্ধ রেখেছে। এই তালিকায় বাংলাদেশের নামও রয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, তালিকাভুক্ত দেশগুলোর অভিবাসীদের মধ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তা গ্রহণের হার তুলনামূলক বেশি হওয়ায় বিষয়টি নতুন করে পর্যালোচনা করা হচ্ছে।
তবে এই সিদ্ধান্তের আওতায় পর্যটক, শিক্ষার্থী বা অন্যান্য অনভিবাসী ভিসা অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ স্বল্পমেয়াদি ভ্রমণ, শিক্ষা বা ব্যবসায়িক কাজে যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহীদের ক্ষেত্রে ভিসা কার্যক্রম স্বাভাবিক থাকবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের নথি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হতে পারেন -এমন আবেদনকারীদের যাচাই-বাছাই প্রক্রিয়া পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এই পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত অভিবাসী ভিসা প্রদান স্থগিত থাকবে বলে জানানো হয়েছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২১ জানুয়ারি থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। নতুন নির্দেশনা জারি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকদের অভিবাসী ভিসা প্রক্রিয়া বন্ধ থাকবে।
তালিকায় থাকা দেশগুলোর মধ্যে রয়েছে, আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগুয়া ও বারবুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামাস, বাংলাদেশ, বার্বাডোস, বেলারুশ, বেলিজ, ভুটান, বসনিয়া ও হার্জেগোভিনা, ব্রাজিল, বার্মা, কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, কোত দিভোয়ার, কিউবা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, ডোমিনিকা, মিশর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রেনাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি, ইরান, ইরাক, জ্যামাইকা, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, কিরগিজ প্রজাতন্ত্র, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টিনিগ্রো, মরক্কো, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, উত্তর ম্যাসেডোনিয়া, পাকিস্তান, কঙ্গো প্রজাতন্ত্র, রাশিয়া, রুয়ান্ডা, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ সুদান, সিরিয়া, তানজানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান এবং ইয়েমেন।

এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে আবেদন করতে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ভিসা প্রক্রিয়া পুনরায় চালু না হওয়া পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে।
এদিকে দূতাবাস জানিয়েছে, পরিস্থিতি পর্যালোচনা শেষে পরবর্তী নির্দেশনা জানানো হবে। নতুন কোনো সিদ্ধান্ত হলে তা অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে প্রকাশ করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।
-পতাকানিউজ

