বাংলাদেশে ৩ দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছেড়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। সোমবার, ২৪ নভেম্বর তাকে বহনকারী বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। বিদায়ের আগে বিমানবন্দরে রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী তাকে গার্ড অব অনার দেয়া হয়।
বিদায়ের মুহূর্তে ভুটানের সরকারপ্রধানকে বিমানবন্দরে বিদায় জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এসময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম উপস্থিত ছিলেন।
তিন দিনের সফরে শনিবার, ২২ নভেম্বর সকাল সোয়া ৮টায় ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। তাকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ভুটানের প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় শেরিং তোবগে স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছ রোপণের পাশাপাশি দর্শনার্থী বইয়ে সই করেন।
ভুটানের প্রধানমন্ত্রীর বাংলাদেশে অবস্থানকালে দুই দেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক সই হয়– একটি স্বাস্থ্যসেবা, অন্যটি ইন্টারনেট কানেক্টিভিটি সম্পর্কে। ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনাসহ বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেন। রবিবার, ২৩ নভেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন শেরিং তোবগে।
এছাড়াও সরকারের উপদেষ্টা, দেশের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তার কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়।
পতাকানিউজ/এমওয়াই

