নিজেকে সহকারী জজ পরিচয় দিয়ে এক নারীসহ থানায় গিয়ে পুলিশ পাহাড়ায় রাত কাটানোর সহযোগিতা চেয়েছিলেন ওসির কাছে। অবশেষে সেই পুলিশের হাতেই ধরা পড়লেন ভুয়া জজ।
মঙ্গলবার, ৩১ মার্চ রাত ১০টায় পাবনার ঈশ্বরদী থানায় অবস্থানকালে তাকে আটক করা হয়। তবে ঘটনার সময় তার সঙ্গে থাকা নারী পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত স্থান ত্যাগ করেন।
আটক ব্যক্তির নাম সৈয়দ জিয়া পীর মোহাম্মদ আলী। তিনি যশোরের কোতোয়ালি থানার বাগমারা গ্রামের মৃত আব্দুল আলীমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ওই ব্যক্তি এক নারীসহ থানার ওসি কক্ষে উপস্থিত হয়ে নিজেকে যশোর জেলার সহকারী জজ হিসেবে পরিচয় দেন। এসময় তিনি পুলিশি পাহারায় রাত্রিযাপনের জন্য সহযোগিতা কামনা করেন। তবে তার কথাবার্তা ও আচরণে অসঙ্গতি লক্ষ্য হলে পুলিশের সন্দেহ হয়।
পরে তাৎক্ষণিকভাবে তার পরিচয় যাচাই-বাছাই শুরু করে পুলিশ। যাচাই শেষে নিশ্চিত হওয়া যায় তিনি কোনো বিচারক নন।
ঈশ্বরদী থানার ওসি মো. মমিনুজ্জামান জানান, ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। বর্তমানে থানাহাজতে রয়েছেন। তার বিরুদ্ধে মামলার পর আদালতে সোপর্দ করা হবে।
পতাকানিউজ/এমএসআর/আরবি

