ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনে ২ হাজার ৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৬৫৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতিমধ্যে তারা মাঠে রয়েছেন। ভোটের আগে দুদিন, ভোটের দিন এবং ভোটের পরের দুদিন—মোট পাঁচ দিন দায়িত্ব পালন করবেন তারা।
ইসি জানায়, নির্বাচন-সংক্রান্ত অপরাধ আমলে নেওয়া ও সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার সম্পন্নের লক্ষ্যে ২৯৯টি আসনে মোট ৬৫৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। তারা ভোটের আগে দুদিন, ভোটের দিন এবং ভোটের পর দুদিনসহ মোট পাঁচ দিন দায়িত্ব পালন করবেন।
এদিকে তফশিল ঘোষণার পর থেকে আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে প্রতি উপজেলা ও নির্বাচনি থানায় ন্যূনতম দুজন করে মোট ১ হাজার ৪৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়।
এছাড়া নির্বাচনি এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং মোবাইল কোর্ট ও স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে সমন্বয়ে দায়িত্ব পালনের জন্য রিটার্নিং কর্মকর্তাদের চাহিদা অনুযায়ী আরও ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। তারা ভোটের আগে চার দিন, ভোটের দিন এবং ভোটের পর দুদিনসহ মোট সাত দিন দায়িত্ব পালন করবেন অর্থাৎ ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
সব মিলিয়ে নির্বাচনে মোট ২ হাজার ৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
পতাকানিউজ/আরবি

