১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নিরাপত্তা ব্যবস্থায় ভোটের ব্যালট পেপারসহ অন্যান্য সরঞ্জাম পাঠানো হচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।
বুধবার, ১১ ফেব্রুয়ারি সকাল ১০টায় রিটার্নিং কর্মকর্তারা নিজ নিজি দপ্তর থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের নির্বাচনী সকল উপকরণ বিতরণ করছেন।
এদিকে আজ সকাল থেকে চট্টগ্রাম নগরীর কাজির দেউড়ি স্টেডিয়াম মাঠ থেকে চট্টগ্রামের ১৬ আসনের নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা বুঝে নেন।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, এবারের নির্বাচনে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন। নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন।
এছাড়া হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন। পোস্টাল ব্যালটে নিবন্ধন করেছে ১৫ লাখ ৩৩ হাজারেরও বেশি।
ভোটাররা এবার ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ভোটদান প্রদান করবেন। এসব কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ২১ হাজার ৫০৬টি।
নির্বাচনে ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন ভোটগ্রহণ কর্মকর্তা ভোট নেবেন।
এদের মধ্যে প্রিজাইডিং অফিসার ৪২ হাজার ৭৭৯ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন, পোলিং অফিসার ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন।
এবারের নির্বাচনে ঢাকা ও চট্টগ্রামের দুই বিভাগীয় কমিশনার, ৬৪ জন জেলা প্রশাসক ও তিনজন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। এছাড়া সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন ৫৯৮ জন।
নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। এ নির্বাচনে ২৯৯ আসনে মোট প্রার্থী ২ হাজার ২৯ জন।
নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে থাকছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৯ লাখেরও বেশি সদস্য।
এদিকে শেরপুর-৩ আসনে বিএনপির প্রার্থীর মৃত্যুতে ওই আসনে ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। পরবর্তীতে নতুন তফসিলের মাধ্যমে নির্বাচন সম্পন্ন করা হবে।
পতাকানিউজ/আরবি

