চট্টগ্রামের মিরসরাইয়ে ১০০ পিস ইয়াবাসহ ছালাউদ্দিন (৩৬) নামে এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার, ৭ নভেম্বর রাতে উপজেলার সাহেরখালী ইউনিয়নের ভোরবাজার থেকে তাকে আটক করা হয়।
আটক ছালাউদ্দিন সাহেরখালী ইউনিয়নের উত্তর সাহেরখালী মোল্লাপাড়া এলাকার এমদাদ আলী হাজী বাড়ির মহিউদ্দিনের ছেলে ও সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্টের পর থেকে ছালাউদ্দিন এলাকায় বেপরোয়া হয়ে উঠেন। তিনি বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
এ বিষয়ে জানতে চাইলে সাহেরখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. নুর উদ্দিন বলেন, ‘কেউ যদি অপরাধ কর্মকাণ্ড করে থাকে এটা তার ব্যক্তিগত। ব্যক্তির দায় সংগঠন বহন করবে না।’
মিরসরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, শুক্রবার রাতে উপজেলার ভোরবাজার থেকে ছালাউদ্দিনকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলার পর আদালতে পাঠানো হয়েছে।
পতাকানিউজ/এসইউএস/আরবি

