নওগাঁয় বালুভর্তি ড্রাম ট্রাকচাপায় ৫ জন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন একজন।
শনিবার, ৩১ জানুয়ারি ভোরে মহাদেবপুর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। আহতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন-উপজেলার এনায়েতপুর ইউনিয়নের নুরপুর গ্রামের মাংরা উরাওয়ের ছেলে সঞ্চু উরাও (৪৮), জুটুয়া পাহানের ছেলে বিপুল পাহান (২২), খোকা পাহানের ছেলে বীরেন (৫০), মৃত নরেন পাহানের ছেলে উজ্জ্বল পাহান (২৪) ও অনিল পাহানের ছেলে বিপ্লব (২২)। আহত সামন্ত একই গ্রামের রমেসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরে দুটি ব্যাটারিচালিত চার্জার ভ্যানে করে কাঁচা হলুদ ও বেগুন নিয়ে মহাদেবপুর হাটে যাচ্ছিলেন স্থানীয় কয়েকজন কৃষক ও ব্যবসায়ী। পথে পাটকাঠি শিবপুর এলাকায় পৌঁছালে নজিপুরগামী একটি বালুভর্তি ড্রাম ট্রাক ওই ভ্যান দুটিকে সজোরে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। স্থানীয়রা ভ্যানে থাকা অন্য চারজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে আরও তিনজনের মৃত্যু হয়। এছাড়া এক ভ্যানচালক আহত হন।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকচালক পলাতক। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইমরুল কায়েস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পতাকানিউজ/আরবি

