মাদারীপুর জেলার শিবচরে ভ্রাম্যমাণ আদালতের তল্লাশিতে ২০টি গুলিসহ ২টি শটগান উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার, ১১ নভেম্বর সন্ধ্যায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোলচত্বর এলাকায় বিশেষ অভিযানে এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মহাসড়কের গোলচত্বরে গাড়ি থামিয়ে তল্লাশি করেন ভ্রাম্যমাণ আদালত। বেশ কয়েকটি গাড়িতে তল্লাশির পাশাপাশি কাগজপত্র যাচাই করা হয়। এসময় একটি নোয়াহ গাড়ি থেকে ২টি শটগান ও ২০টি গুলি উদ্ধার করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ১৫টি গাড়িতে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা বলেন, ‘সাম্প্রতিক সময়ে অস্থিরতার মধ্যে সাধারণ মানুষের চলাচলে যাতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে আমাদের এই অভিযান। দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।’
শিবচর থানার ওসি রকিবুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল থেকে ২টি শটগান ও ২০টি গুলি জব্দ করা হয়েছে। আমরা এর লাইসেন্স যাচাই-বাছাই করার পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’
পতাকানিউজ/এমওয়াই

