বিএনপির কর্মী মকবুল হত্যার অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানার মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে জিজ্ঞাসাবাদের জন্য ১ দিন ও সাবেক পরিচালক লে. কর্ণেল (চাকুরিচ্যুত) মো. আফজাল নাছেরকে ২ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রবিবার, ১২ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাত উল্লাহ এ আদেশ দেন।
এদিকে আজ একই মামলায় মামুন খালেদকে ৩ দিনের রিমান্ডে শেষে ও আফজাল নাছেরকে ৪ দিনের রিমান্ডে শেষে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের এসআই তোফাজ্জল হোসেন মামুন খালেদকে ফের ১ দিন ও আফজাল নাছেরকে ফের ৫ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন। দুজনকেই আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত মামুন খালেদের ১ দিন ও আফজাল নাছেরের ২ দিন রিমান্ড মঞ্জুর করেন।
ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী দুইজনের রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।
এ মামলায় গত ৯ এপ্রিল মামুন খালেদকে ৩ দিনের ও গত ৮ এপ্রিল আফজাল নাছেরকে ৪ দিনের রিমান্ডে নেয়া হয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২২ সালের ১০ ডিসেম্বর এক দফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। ওই বছরের ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালান এবং কার্যালয়ে ভাঙচুর করেন। এসময় কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতাকর্মীরও ওপর হামলা চালানো হয়। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান।
এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন, সাবেক দুই সেনা কর্মকর্তা স্ব পদে দায়িত্বে থেকে স্ব-প্রণোদিত হয়ে রাজনৈতিকভাবে বিরোধী পক্ষকে বিগত সরকারকে নানাভাবে সহযোগিতা করেছেন এবং এ মামলার ঘটনা সংঘটনে নেপথ্যে থেকে রাজনৈতিকভাবে বিরোধী পক্ষকে দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মর্মে বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। এটি একটি রাজনৈতিক হত্যা মামলা। মামলাটি গোয়েন্দা-মতিঝিল বিভাগ, ডিএমপি, ঢাকার নিকট তদন্তাধীন রয়েছে।
তারা এ মামলার ঘটনার সঙ্গে জড়িত ছিলেন মর্মে বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন, ঘটনার সঙ্গে জড়িত এজাহার নামীয় ও অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত করা ও মকবুলকে হত্যার সময় জড়িত আসামিদের কার কী কী ভূমিকা ছিল, হত্যাকাণ্ডে প্রকৃতপক্ষে কে কে জড়িত ছিল সেসব বিষয়ে জানার জন্য তাদের আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
পতাকানিউজ/এএ/আরবি

