বগুড়ায় অবৈধভাবে পেট্রোল ও অকটেন মজুত এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অপরাধে ‘মা এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার, ২৮ এপ্রিল দুপুরে শহরের কাটনারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসানের নেতৃত্বে শহরের ৩ নম্বর ওয়ার্ডের করোনেশন স্কুলের পাশে ওই অটোমোবাইলের দোকানে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা গেছে, মা এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে খোলা বাজারে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও অবৈধভাবে পেট্রল ও অকটেন মজুত করে আসছিল। অভিযানে প্রায় ২০০ লিটার জ্বালানি তেল পাওয়া যায়। প্রতিষ্ঠানটি সরকার নির্ধারিত দামের তোয়াক্কা না করে প্রতি লিটার ২০০ টাকায় তেল বিক্রি করছিল। এছাড়া বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স বা ফায়ার সার্ভিসের কোনো ছাড়পত্রও দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, অনুমোদনহীন মজুত ও অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রির অপরাধে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বিপ্লবকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় জব্দ করা ১৮০ লিটার তেল তাৎক্ষণিকভাবে উপস্থিত সাধারণ ভোক্তাদের কাছে সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে বিক্রি করা হয়।
পতাকানিউজ/পিএম/আরবি

