ইসরাইল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ ও উত্তেজনার প্রেক্ষাপটে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বিষয়ে ফোনালাপ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত এই একান্ত আলাপের তথ্য রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস নিশ্চিত করেছে।
প্রেস সচিব সালেহ শিবলী জানান, আলাপকালে প্রধানমন্ত্রী তারেক রহমান সংযুক্ত আরব আমিরাত ও উপসাগরীয় সহযোগিতা পরিষদের দেশগুলোর প্রতি বাংলাদেশের দৃঢ় সংহতি প্রকাশ করেছেন। জবাবে প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ বাংলাদেশের উদ্বেগের জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং ফোনালাপের সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী বিশেষভাবে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সুরক্ষা দেওয়ায় দেশটির সরকার ও প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি পাশাপাশি দেশটির আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাশিমি এবং ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত ও দূতাবাস কর্মকর্তাদের কাছ থেকে প্রাপ্ত সহায়তা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ফোনালাপের এক পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান। যা প্রেসিডেন্ট গ্রহণ করেছেন এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশে আসার সম্মতি জানিয়েছেন।
উভয় নেতা আলোচনা করেছেন, আঞ্চলিক সংঘাত যেন আরও ছড়িয়ে না পড়ে এবং এর বৈশ্বিক ও আঞ্চলিক প্রভাব মোকাবিলায় সামরিক উত্তেজনা প্রশমনের প্রয়োজনীয়তা রয়েছে। এছাড়া তারা বিদ্যমান সমস্যার শান্তিপূর্ণ সমাধান ও কূটনৈতিক সংলাপের মাধ্যমে উত্তেজনা হ্রাসের ওপর গুরুত্বারোপ করেছেন।
এই ফোনালাপের মাধ্যমে উভয় পক্ষই স্পষ্ট করেছেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের জন্য অগ্রাধিকার। উভয় নেতা পরস্পরের সহযোগিতা ও সমর্থনের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছেন।
-পতাকানিউজ

