খুলনার রূপসা উপজেলার বাগমারা এলাকায় আব্দুল রাশেদ বিকলু (২৭) নামে এক যুবক দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পাঁচটি গুলির খোসা ও একটি তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার, ১০ জানুয়ারি রাত ১টায় দিকে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল রাশেদ বিকলু একই এলাকার আব্দুল আওয়ালের ছেলে। তার বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে রূপসা থানার ওসি আব্দুর রাজ্জাক মীর বলেন, শনিবার রাতে রূপসার বাগমারা এলাকার তালিমপুর কদমতলা মাঠে পিকনিকের আয়োজন করে বিকলু ও তার বন্ধুরা। সেখানে এসে দুর্বৃত্তদের তাকে গুলি করে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে পাঁচটি গুলির খোসা ও একটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। নিহত বিকলু হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অস্ত্রধারী দুর্বৃত্তদের ধরতে অভিযান চলছে।
পতাকানিউজ/আরবি

