কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ শিকার বন্ধ হচ্ছে আজ, শুক্রবার, ২৪ এপ্রিল মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে । পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। মাছের প্রজনন, বংশবৃদ্ধি এবং অবমুক্ত পোনার স্বাভাবিক বিস্তার নিশ্চিত করতে এ উদ্যোগ নেয়া হয়েছে। নিষিদ্ধ সময়ে সংরক্ষণ ও বাজারজাতকরণসহ জেলার স্থানীয় বরফকলগুলোও বন্ধ থাকবে।
এর আগে, গত সোমবার, ২০ এপ্রিল রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত বৈঠকে জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে এ সিদ্ধান্ত হয়। এতে মৎস্যসম্পদ উন্নয়ন, আহরণ ও বাজারজাতকরণের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) কমান্ডার মো. ফয়েজ আল করিম বলেন, ‘আজ ২৪ এপ্রিল মধ্যরাত থেকে হ্রদে মাছ শিকার বন্ধ হবে এবং ২৫ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত বিএফডিসি ঘাটে মৎস্য অবতরণ করা যাবে।’
তিনি জানান, আগামী ২ মে থেকে কাপ্তাই হ্রদে পোনা ছাড়া শুরু হবে। বন্ধকালীন সময়ে কেউ যাতে অবৈধভাবে মাছ শিকার ও পরিবহন করতে না পারে, সেজন্য অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হবে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।
পতাকানিউজ/আরবি

