ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির মনোনয়ন দ্বন্দ্বের জেরে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এছাড়া ভাঙচুর করা হয়েছে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠান। রবিবার, ৯ নভেম্বর বিকেলে উপজেলা সদরে এ ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনায় রাত ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উপজেলা সদরে উভয়পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। উপজেলা সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আজ বিকেলে গৌরীপুর পৌর শহরের পাটবাজার এলাকায় মনোনয়ন বঞ্চিত উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা চলছিল।
বিকেল চারটায় মোটরসাইকেল ও গাড়ি বহর নিয়ে গৌরীপুরে যান মনোনয়ন পাওয়া ধানের শীষের প্রার্থী এম ইকবাল হোসাইন। এতে উভয়পক্ষের ধাওয়া-পাল্টা শুরু হয়। এসময় ভাঙচুর হয় কিছু ব্যবসা প্রতিষ্ঠান এবং আহত হয় উভয় পক্ষের অন্তত ২০ জন।
এ বিষয়ে বিবাদমান দু’পক্ষের কেউ ফোনকল ধরেননি।
গৌরীপুর থানার ওসি দিদারুল ইসলাম বলেন, ‘দুপক্ষের ধাওয়া-পাল্টার বেশ কয়েকজন আহত হয়েছে।বিষয়টি আমরা দেখছি।’
পতাকানিউজ/এনএস/আরবি

