মাগুরা-২ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী সালিমুল হক কামাল রাজনীতি থেকে চিরতরে অবসরের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে সব ধরনের নির্বাচনেও অংশ না নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
শুক্রবার, ২৬ ডিসেম্বর দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন বিএনপির প্রবীণ এ নেতা।
ফেসবুক স্ট্যাটাসে কাজী সালিমুল হক লেখেন, দীর্ঘ সাত বছরের কারাবাসে তার পরিবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিবারের একান্ত অনুরোধেই তিনি সক্রিয় রাজনীতি ও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। জীবনের বাকি সময় পরিবারকে নিয়ে শান্তিতে কাটাতে চান বলেও উল্লেখ করেন তিনি।
নিজের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে তিনি জানান, ২০০৮ সালের পর রাজনীতি থেকে অনেকটাই দূরে ছিলেন। ২০১৭ সালে একটি মিথ্যা মামলায় কারাবরণ করতে হয় তাকে। দীর্ঘ কারাভোগ শেষে ২০২৪ সালের আগস্টে মুক্তি পান। মুক্তির দিন নেতাকর্মীদের ভালোবাসা তাকে আবেগাপ্লুত করলেও পরবর্তী সময়ে দলের ভেতরের পরিস্থিতি তাকে হতাশ করেছে বলে ইঙ্গিত দেন তিনি।
স্ট্যাটাসে তৃণমূল নেতাকর্মীদের অবমূল্যায়নের অভিযোগ তুলে বিএনপির হাইকমান্ডের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন কাজী সালিমুল হক। তিনি বলেন, মাগুরা-২ আসনে প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে তৃণমূলে যে ক্ষোভ তৈরি হয়েছে, তা দীর্ঘদিনের বঞ্চনার ফল। ত্যাগী ও পরীক্ষিত নেতাদের উপেক্ষা করে বিতর্কিতদের পুনর্বাসন দলকে আদর্শিকভাবে দুর্বল করছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি স্পষ্ট করে বলেন, নিজের জন্য কখনো মনোনয়ন চাননি। তৃণমূলের পছন্দ অনুযায়ী অন্য যোগ্য কাউকে প্রার্থী করা হলেও নেতাকর্মীরা মেনে নিতেন। কিন্তু দলের বর্তমান অবস্থানে তৃণমূলের আবেগ ও মতামতের কোনো মূল্য নেই—এ উপলব্ধি থেকেই তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
স্ট্যাটাসের শেষাংশে নেতাকর্মীদের উদ্দেশে সংযত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্ষোভ থেকে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, যাতে ব্যক্তিগত রাজনৈতিক ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হয়। তিনি তরুণদের রাজনীতিতে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘তারুণ্যের জয় হোক।’
কাজী সালিমুল হক কামাল ১৯৯৪ সালে মাগুরা-২ আসনের উপনির্বাচনে এবং ২০০১ সালের জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবাসের পর দীর্ঘ বিরতি শেষে সম্প্রতি রাজনীতির মাঠে সক্রিয় হলেও শেষ পর্যন্ত দলের মনোনয়ন না পাওয়ায় তিনি রাজনীতি থেকে চিরতরে অবসরের পথ বেছে নিলেন।
পতাকানিউজ/এআই

