কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে মনোনয়ন পাননি চাঁদপুর-৪ আসনে (ফরিদগঞ্জ) উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান। তার স্থলে মনোনয়ন দেয়া হয়েছে বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক হারুনুর রশীদকে।
এম এ হান্নানকে মনোনয়ন না দেয়ার প্রতিবাদে সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। সড়ক অবরোধের কারণে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে হয়ে যায়। ফলে সাধারণ যাত্রীরা ভোগান্তি পড়ে যান।
মঙ্গলবার, ৪ নভেম্বর সকালে উপজেলার ১৫টি ইউনিয়ন থেকে খণ্ডখণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা ফরিদগঞ্জ পৌর বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এসময় তারা এম এ হান্নানের পক্ষে স্লোগান দিতে থাকেন ও মনোনয়ন পরিবর্তনের দাবি জানান। অবরোধ চলাকালে পুলিশের উপস্থিতি থাকলেও তাদের কোনো ভূমিকা নিতে দেখা যায়নি।
এর আগে সোমবার গভীর রাত পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, এম এ হান্নান দীর্ঘ ১৭ বছর ধরে তৃণমূলের নেতাকর্মীদের পাশে থেকে দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। তিনি একাধিকবার রাজনৈতিক কারণে কারাবরণ করেছেন। এমন ত্যাগী নেতাকে উপেক্ষা করে মনোনয়ন না দেয়া অন্যায় ও দলের প্রতি অবমূল্যায়ন বলে দাবি তাদের।
ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ বলেন, ‘আগামী ৭২ ঘণ্টার মধ্যে এম এ হান্নানকে মনোনয়ন না দিলে আরও কঠোর আন্দোলনে নামবে ফরিদগঞ্জের বিএনপি। মনোনয়ন পরিবর্তন না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।
পতাকানিউজ/এএইচ

