প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভায় আবারও দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। সর্বশেষ এ সিদ্ধান্তে একজন পূর্ণমন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীর দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। এতে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এক মন্ত্রীর একটি দপ্তর কমানো হয়েছে, অন্যদিকে একজন প্রতিমন্ত্রীকে অতিরিক্ত একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (২৫ মার্চ) রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান এ দপ্তর পুনর্বণ্টন করেন। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, এতদিন খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি—এই তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। নতুন সিদ্ধান্তের পর তাঁর দায়িত্ব থেকে খাদ্য মন্ত্রণালয় সরিয়ে নেওয়া হয়েছে। এখন তিনি মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
অন্যদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারীর দায়িত্ব বাড়ানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পাশাপাশি তাঁকে খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও দেওয়া হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর গত ১৭ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের মন্ত্রিসভা শপথ গ্রহণ করে। এরপর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও সমন্বিত করতে একাধিক দফায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে।
সর্বশেষ পরিবর্তনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ৪৯ জনে। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া পূর্ণ মন্ত্রী রয়েছেন ২৫ জন এবং প্রতিমন্ত্রী ২৩ জন।
এ ছাড়া মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন আরও ১০ জন।
-পতাকানিউজ

