ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ ইতিমধ্যেই দর্শক ও সমালোচকদের ভালোবাসায় সিক্ত হয়েছে। এই সিনেমায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আজমেরী হক বাঁধন মন্ত্রীর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। গল্পে যেমন কমেডি, নাটক ও আবেগের মিশ্রণ রয়েছে, তেমনই দর্শকরা পুরো সিনেমাটিকে গ্রহণ করেছেন উচ্ছ্বাসের সঙ্গে।
সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় বাঁধন সিনেমার অভিজ্ঞতা, চরিত্র ও দর্শকের প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত কথা বলেছেন।
‘বনলতা এক্সপ্রেস মুক্তির প্রথম সপ্তাহ শেষ করেছে সফলভাবে। এখন যখন সিনেমা দ্বিতীয় সপ্তাহে পা দিয়েছে, আনন্দের সীমা নেই,’ বলেন বাঁধন। তিনি আরও জানান, ‘আমার আগের সিনেমাগুলো যেমন এষা মার্ডার বা রেহানা মরিয়ম নূর দর্শকরা প্রশংসা করেছেন, কিন্তু ‘বনলতা এক্সপ্রেস’ এর সাড়া তার চেয়েও অনেক বেশি।’

বাঁধন মনে করেন, দর্শকদের হল ভরা, টিকিট পাওয়া কষ্টসাধ্য এবং তারা দলবেঁধে সিনেমা দেখছে—সবই অভিনেত্রী হিসেবে আনন্দের। ‘আমি আগেও বলেছি, আবারো বলছি—‘বনলতা এক্সপ্রেস’-এর জনপ্রিয়তা উৎসবকে ছাড়িয়ে যাবে।’
হলে নিজের সিনেমা কতবার দেখেছেন, এমন প্রশ্নে তিনি বলেন, ‘মেয়েকে নিয়ে পুরোটা একবার দেখেছি। টিকিট পেতে কষ্ট হয়েছে। এছাড়া ৭-৮ বার হল পরিদর্শনে গিয়ে একটু একটু করে দেখেছি, শেষ অংশটুকু হয়তো দেখেছি।’
দর্শকের সাড়া ও চরিত্রের গ্রহণযোগ্যতা
বাঁধন বলেন, ‘দর্শকরা কখনো হাসছেন, কখনো কাঁদছেন। তারা খুব খুশি। পরিচালক তানিম নূর হুমায়ুন আহমেদ স্যারের গল্পটিকে যথাযথভাবে সিনেমায় উপস্থাপন করেছেন। আমাদের টিমও চমৎকার ছিল।’
প্রথমবারের মতো মন্ত্রীর স্ত্রীর চরিত্রে অভিনয় করার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ‘দর্শকরা পুরো সিনেমার প্রশংসা করেছেন, শিল্পীদের নাম ধরে ধরেও। বিশেষ করে আমার এবং চঞ্চল চৌধুরীর অভিনয় প্রশংসা পেয়েছে। আমাদের দুজনের কেমিস্ট্রি দর্শকরা গ্রহণ করেছেন। মন্ত্রীর বউ হিসেবে আমাকে তারা একশোতে একশো দিয়েছেন।’

দর্শক ও গল্পের গুরুত্ব
আজমেরী হক বাঁধন মনে করেন, ‘দর্শকরা ভালো গল্প চায়। গল্প যদি ভালো হয়, তারা হলে দেখবে। উৎসব দেখেছেন, এখন ‘বনলতা এক্সপ্রেস’ দেখছেন।” তিনি নিজে ঈদে প্রেশার কুকার, দম এবং অন্যান্য সিনেমাও দেখেছেন। “আমাদের দেশে ভিন্ন গল্পের সিনেমা হচ্ছে। দর্শক সেরাটা বেছে নিচ্ছেন।’

সবশেষে তিনি বলেন, ‘আমি ভায়োলেন্ট সিনেমার পক্ষপাতী নই। ভালো গল্পের পক্ষে। ‘বনলতা এক্সপ্রেস’-এ সুন্দর গল্প আছে, দর্শক সেটিকে অনুভব করছেন।’
-সূত্র : ডেইলি স্টার
-পতাকানিউজ

