ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয়া হয়েছে। এতে দগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম জুলহাস মিয়া (৩৫)। তিনি বাসের চালক বলে ধারণা করছে পুলিশ। নিহত জুলহাস মিয়া ওই এলাকার বাসিন্দা। তার বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মঙ্গলবার, ১১ নভেম্বর ভোররাত সোয়া ৩টার দিকে ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান বাজারের পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে ফুলবাড়িয়া থানার ওসি মো. রুকনুজ্জামান জানিয়েছেন।
ওসি রোকনুজ্জামান বলেন, ‘গভীররাতে আলম এশিয়া পরিবহন নামের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে যায়। এ সময় বাসে থাকা জুলহাস মিয়া দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। ইতোমধ্যে লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহটি এমনভাবে পুড়েছে যে, তাকে চেনা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে সে বাসের চালক। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’
ফুলবাড়িয়া ফায়ার স্টেশনের অতিরিক্ত ইন্সপেক্টর ইয়াসিন ইকবার বলেন, ‘ভালুকজান বাজারের পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন লেগেছে খবর পেয়ে সঙ্গে সঙ্গে কর্মীদের নিয়ে সেখানে যাই। আগুন নিয়ন্ত্রণে আনার পর বাসে তল্লাশি চালানো হলে সিটে একজনের দগ্ধ মরদেহ পাওয়া যায়। পরে আমরা তা উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি।’
পতাকানিউজ/এএইচ

