মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের ভেতরে ফজরের নামাজরত অবস্থায় হাফিজ মিয়া নামে এক মুসল্লিকে হত্যা করা হয়েছে। রবিবার, ৩ মে ভোরে উপজেলার পশ্চিম লইয়ারকুল কুমিল্লা পাড়ার ফুরকানিয়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধ হাফিজ মিয়া (৮০) পশ্চিম লইয়ারকুল এলাকার বাসিন্দা। এ ঘটনায় হত্যাকারী জসিম মিয়া (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হাফিজ মিয়া নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করতেন। কখনও মসজিদের ইমাম অনুপস্থিত থাকলে তিনি আজান ও ইমামতির দায়িত্ব পালন করতেন। প্রতিদিনের মতো আজ ভোরেও ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে তিনি যান। নামাজের প্রস্তুতির সময় হঠাৎ জসিম মিয়া তার ওপর হামলা চালান। এসময় একটি কলম দিয়ে হাফিস মিয়ার গাড়েসহ বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে জসিম। একপর্যায়ে মেঝেতে পড়ে গুরুতর আহতাবস্থায় ঘটনাস্থলেই মারা যান তিনি।
ঘটনার পরপরই এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ অভিযুক্ত জসিম মিয়াকে আটক করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আটক করার সময়ও তাকে অস্বাভাবিক ও ক্ষিপ্ত আচরণ করতে দেখা যায়। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শ্রীমঙ্গল থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারীকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
পতাকানিউজ/এমআরআর/আরবি

