ঢাকা-কক্সবাজার রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেস ট্রেনের ফেনী রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি চালু হচ্ছে আজ সোমবার (২৬ অক্টোবর)। নতুন এ যাত্রাবিরতি চালুর দিনে ট্রেনে করে ফেনী আসছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১টায় তার ফেনী রেলওয়ে স্টেশনে পৌঁছানোর কথা রয়েছে। রবিবার প্রতিমন্ত্রীর একান্ত সচিব সুমন দাস স্বাক্ষরিত সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।
সফরসূচি অনুযায়ী, সোমবার রাত ৮টায় ঢাকার বাসা থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশে রওনা হবেন প্রতিমন্ত্রী। রাত সাড়ে ৮টায় স্টেশনে পৌঁছে মহানগর এক্সপ্রেস ট্রেনে ফেনীর উদ্দেশে যাত্রা করবেন তিনি।
মঙ্গলবার রাত ১টায় ফেনী স্টেশনে পৌঁছে সেখানে উপস্থিত যাত্রীদের সঙ্গে মতবিনিময় করবেন প্রতিমন্ত্রী। এ সময় ফেনীর জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের উপস্থিত থাকার কথা রয়েছে।

মতবিনিময় শেষে রাত আড়াইটায় ফেনী সার্কিট হাউস অথবা ফুলগাজী ডাকবাংলোয় গিয়ে রাত্রিযাপন করবেন তিনি। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হয়ে বেলা ১১টায় নিজ বাসভবনে পৌঁছানোর কথা রয়েছে তার।
এদিকে, মহানগর এক্সপ্রেসের ফেনী স্টেশনে যাত্রাবিরতি চালুর খবরে স্থানীয় যাত্রীদের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে। শনিবার সকালে অনলাইনে টিকিট বিক্রি শুরু হওয়ার পর অল্প সময়ের মধ্যেই ২৬ ও ২৭ অক্টোবর ফেনী স্টেশন থেকে যাত্রার টিকিট পাওয়া যাচ্ছিল না বলে জানা গেছে।
নতুন এ যাত্রাবিরতির ফলে ফেনীর যাত্রীরা ঢাকা ও কক্সবাজারের মধ্যে যাতায়াতের ক্ষেত্রে রেলপথে আরও একটি সুযোগ পাবেন। এতে দুই গন্তব্যে যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি স্থানীয় যাত্রীদের দীর্ঘদিনের প্রত্যাশাও পূরণ হতে পারে।
পতাকানিউজ/এএএম

