মহানবী হজরত মুহাম্মদ (সা.) এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থী মোনসের আলীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
বুধবার, ৮ অক্টোবর দুপুরে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বহিষ্কৃত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগের দ্বিতীয় ট্রাই-সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউআইইউ শৃঙ্খলা কমিটির জরুরি সভায় ধর্ম অবমাননার অভিযোগে শিক্ষার্থী মোনসের আলীকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এর আগে সকালে ইসলাম ধর্ম, আল্লাহ, মহানবী (সা.) ও কোরআন নিয়ে কটূক্তির অভিযোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ শিক্ষার্থীরা মোনসের আলীকে বেধড়ক মারধর করেন। পরে শিক্ষকরা তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে গেলে সেখানে আরও শিক্ষার্থী জড়ো হয়ে বিক্ষোভ করেন।
বিক্ষোভরত শিক্ষার্থীরা দুই দফা দাবি জানান— অভিযুক্ত শিক্ষার্থীকে দ্রুত স্থায়ীভাবে বহিষ্কার ও আইনের আওতায় আনা এবং বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় মূল্যবোধ শেখানোর উদ্যোগ গ্রহণ। পাশাপাশি তারা দিনব্যাপী ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখার আহ্বান জানান।
শিক্ষার্থীদের অভিযোগ, মোনসের আলী উত্তর বাড্ডার সাঁতারকুল এলাকার একটি ছাত্রাবাসে থাকতেন। সেখানে এক রুমমেটের সঙ্গে ধর্ম ও নবী সম্পর্কে অশ্রাব্য মন্তব্য করেন এবং তাকে নাস্তিকতায় প্ররোচিত করার চেষ্টা করেন। ওই রুমমেট পুরো কথোপকথনটি রেকর্ড করে। পরবর্তীতে সেই অডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভ ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয়জুড়ে।
ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন তাৎক্ষণিকভাবে শৃঙ্খলা কমিটির বৈঠক ডেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানায়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও বিষয়টি অবহিত করা হয়েছে।
পতাকানিউজ/এআই

