হবিগঞ্জের মাধবপুরে জাতীয় গ্রিডের কনডেনসেট বহনকারী পাইপলাইন ছিদ্র করে তেল চুরির ঘটনা উদ্ঘাটন করেছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) নিরাপত্তাকর্মীরা। চক্রটি মাত্র দু’দিনে ৪ হাজার ২৯২ লিটার কনডেনসেট চুরি করেছে। যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭৬ হাজার ৯২০ টাকা। চুরি করা তেল মজুত করতে মাটির নিচে তৈরি করা হয়েছিল গোপন ট্যাংক। এ ঘটনায় নোয়াপাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছে জিটিসিএল।
পুলিশ ও জিটিসিএল সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর রাত ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে উত্তর নোয়াপাড়া এলাকার রতনপুর ডাক্তার বাড়ির কাছে পাইপলাইন থেকে কনডেনসেট চুরির বিষয়টি উদ্ঘাটন করেন জিটিসিএলের নিরাপত্তাকর্মীরা। এ সময় পাইপলাইনের কাছে পাঁচ-ছয়জন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পান তারা। নিরাপত্তাকর্মীরা এগিয়ে গেলে ওই ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। পরে অনুসন্ধানে পাইপলাইনে ছিদ্র করে হোস পাইপের মাধ্যমে কনডেনসেট বের করার বিষয়টি ধরা পড়ে।
জিটিসিএলের নিরাপত্তাকর্মীদের সুপারভাইজার দুলাল মিয়া জানান, ঘটনার সময় সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনকে (৫০) ঘটনাস্থলের আশপাশে ঘোরাফেরা করতে দেখা যায়। তিনি নিরাপত্তাকর্মীদের ঘটনাস্থলে যেতে বাধা দেন।
খবর পেয়ে মাধবপুর থানার এসআই সামসু উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সেখান থেকে তেল চুরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ছয় ইঞ্চি ব্যাসের একটি ক্ল্যাম্প, এক ইঞ্চি জিআই পাইপ, দুটি বলভালভসহ অন্যান্য সামগ্রী।
এ ছাড়া সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনের বাড়ির পুকুর ও আশপাশ থেকে তেল মজুতের কাজে ব্যবহৃত দুটি বড় পানির ট্যাংক উদ্ধার করা হয়। তার বাড়িতে মাটির নিচে তেল সংরক্ষণের জন্য বিশেষভাবে তৈরি দুটি গোপন গর্ত বা ট্যাংকের সন্ধানও পাওয়া গেছে।

জিটিসিএলের আশুগঞ্জ অঞ্চলের উপমহাব্যবস্থাপক (সিকিউরিটি) মো. মনিরুল ইসলাম জানান, সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনসহ একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এ কাজে জড়িত বলে তাঁদের অভিযোগ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জিটিসিএলের উপব্যবস্থাপক মো. জায়েদ হোসেন জানান, গত দু’দিনে পাইপলাইন থেকে ৪ হাজার ২৯২ লিটার কনডেনসেট চুরি হয়েছে। চুরি হওয়া তেলের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭৬ হাজার ৯২০ টাকা।
প্রতিষ্ঠানটির উপসহকারী প্রকৌশলী মো. শামীম হাসান বলেন, পাইপলাইনে ছিদ্র করে বিশেষ সরঞ্জামের সাহায্যে সুকৌশলে তেল বের করে বিভিন্ন স্থানে পাচার করা হতো। এতে প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতির পাশাপাশি পাইপলাইনের নিরাপত্তা ও পরিবেশের জন্য ঝুঁকি তৈরি হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত ইসলাম উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। জিটিসিএল কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে থানায় নিয়মিত মামলা করা হয়েছে। এসআই সামসু উদ্দিন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে আলামত জব্দ করেছেন। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
পতাকানিউজ/এসসি

