ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে রিটার্নিং কর্মকর্তাসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের আইন ও বিধি অনুযায়ী কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের নিয়ে নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।
সিইসি নাসির উদ্দিন বলেন, ‘দেশটা আমার আপনার সকলের। দেশটাকে সঠিকভাবে সঠিক অবস্থায় রেখে দেওয়া এটা আমাদের দায়িত। আপনারা ভালো থাকলে, আপনারা ভালো কাজ করলে আমি ভালো থাকি। যদি আপনারা যদি ভালো না থাকেন, আপনারা যদি ভালোভাবে কাজ না করেন আমার ঘুম হারাম।’
তিনি বলেন, ‘আপনারা বুক ফুলিয়ে যখন আমাকে সাহস দেবেন, আমিও তখন সাহসী হবো। আপনাদের অঙ্গীকার আমাকে সাহসী করে তোলে। আপনারা যখনই আইনের প্রতিষ্ঠার জন্য সাহসী পদক্ষেপ নেবেন, বিধি-বিধানের আলোকে কাজ করবেন—ইনশাআল্লাহ নির্বাচন কমিশন আপনাদের পাশে থাকবে।’
সিইসি বলেন,‘আমরা একটা যুগের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। দেশের অবস্থা আপনারা জানেন, এই ক্রান্তিলগ্নে আমাদের উপরে যে দায়িত্ব এসে পড়েছে আমরা যদি সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হই আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারবো না।’
তিনি বলেন, ‘আমি আশা করব আমরা সবাই মিলে ইনশাআল্লাহ যে দায়িত্ব গুরু দায়িত্ব আমাদের কাঁধে এসে পড়েছে, এই দায়িত্ব ডেলিভার করার ডিসচার্জ ইনশাল্লাহ সবাই মিলে পরিপালন করবো। আপনারা সবাই সঠিকভাবে সঠিক কাজটা সঠিক সময়ে করবেন। ইফেক্টিভলি করবেন।’
তিনি আরও বলেন, ‘আমি কিছুদিন আগে সম্ভবত চট্টগ্রামে বলেছিলাম, আইনের শাসন কাকে বলে আমরা দেখিয়ে দিতে চাই। এ কথাটা বলেছিলাম একদম ডেলিবারেটলি। কারণ আমাদের উপরে সামষ্টিকভাবে এটা ব্লেইম করা হচ্ছে সবাইকে ব্লেইম করা হচ্ছে; বলা হচ্ছে আমরা নির্বাচন ব্যবস্থাকে বন্ধ করে দিয়েছি-এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই। আমরা প্রমাণ করতে চাই যে আমরা সঠিক সুন্দর নির্বাচন করতে পারি। এবং এটা একমাত্র আইনের শাসনের মাধ্যমেই সম্ভব।’
নির্বাচন কমিশনার সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের সঞ্চালনায় সভায় অন্য নির্বাচন কমিশনার, ইসি কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা অংশ নেন।
সভার শুরুতে শহীদ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান সিইসি নাসির উদ্দিন।
পতাকানিউজ/আরবি

