বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দিনাজপুরে শোকের ছায়া নেমে এসেছে। ডিসেম্বরের শেষ সপ্তাহটির এই দিনে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত ৪ দিন ধরে জেলায় সূর্যের মুখ দেখা যায়নি। তার উপরে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যেনো দিনাজপুরের পুরো আকাশ জুড়ে মেঘে ঢেকে গেছে।
সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে কোন প্রকার মাইকিং ছাড়াই ব্যবসায়ীদের শহরের অধিকাংশ দোকান-পাট বন্ধ রাখতে দেখা যায়। বিভিন্ন সুপার মার্কেটের সামনে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক সম্বলিত ব্যানার ঝুলিয়ে মার্কেট বন্ধ রাখতে দেখা গেছে।
শহরের গণেশতলায় বিএনপি এবং এর অঙ্গ সংগঠনগুলোর দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলনের পাশাপাশি কোরানখানির আয়োজন করেছে। দলীয় কার্যালয়ে রাখা শোক বইয়ে নেতা-কর্মি ছাড়াও জেলার সর্বস্তরের মানুষের শোক প্রকাশ করে স্বাক্ষর করতে দেখা যায়। অনুরূপ আয়োজন চোখে পড়ে শহরের বালুবাড়ী মহল্লায় বেগম খালেদা জিয়ার মা-বাবার বাড়ি তৈয়বা ভিলা’য়।

জানা যায়, বৃটিশ আমলের শেষ দিকে খালেদা জিয়ার বাবা ইস্কান্দার মজুমদার ভারতের জলপাইগুড়ি চা বাগানে চাকরি করতেন। ১৯৪৭ সালে দেশ ভাগের পর পরিবার পরিজন নিয়ে তিনি দিনাজপুর শহরে আসেন। দিনাজপুর শহরের ঈদগাহ আবাসাসিক এলাকায় অনেক আগে থেকেই খালেদা জিয়ার বড় খালা বেগম তোরাতুন নাহারের পরিবার বাস করতেন। সেই সূত্র ধরেই ইস্কান্দার মজুমদার জলপাইগুড়ি থেকে বসবাসের জন্য দিনাজপুর শহরকে বেছে নেন।
তিনি শহরের ঘাসিপাড়া এলাকায় ‘মাতৃছায়া’ নামে একটি দ্বিতল বাসায় ভাড়া থাকতেন। গাঢ় নীল রংঙের দ্বিতল এই বাসাটি আজো কালের স্বাক্ষ্য বহন করছে। দিনাজপুরে এসে তিনি ঠিকাদারীসহ নানান ব্যবসায় যুক্ত হন।
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর দুপুরে ওই বাসায় গিয়ে দেখা যায়, গাঢ় নীল রংয়ের বিশাল পাকা বাউন্ডারীর প্রধান ফটকের উত্তর দিকের পিলারে মার্বেল পাথরে ইংরেজিতে বাড়ির নাম ‘মাতৃছায়া’ লেখা। দোতালায় ‘মাতৃছায়া ছাত্রাবাস’ নামে একটি সাইনবোর্ড ঝোলানো। আর বাসাটির নীচতলায় একজন গৃহবধূকে পানি ও ঝাড়ু দিয়ে বাসাটি পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত থাকতে দেখা গেছে।
জানতে চাইলে ওই গৃহবধূ জানান, উপরে ছাত্রাবাসের সাইন বোর্ড থাকলেও কেউ থাকেন না। আর তারা নিজেরা মাত্র দু’দিন হল বাসাটিতে ভাড়াটিয়া হিসেবে এসেছেন।
শিশুকাল থেকে পুতুলের মত দেখতে অত্যন্ত সুন্দরী বেগম খালেদা জিয়ার ডাক নাম ছিল ‘পুতুল’। দিনাজপুর শহরে এসে ঘাসিপাড়ার এই বাসা থেকেই তিনি এবং বড় বোন ‘চকলেট আপা’ প্রয়াত সাবেক মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী বেগম খুরশিদ জাহান হক শহরের গণেশতলা এলাকায় দিনাজপুর সরকারি গার্লস স্কুলে পড়া লেখা করতেন। ১৯৬০ সালে এই বাসা থেকেই তৎকালীন সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সাথে খালেদা জিয়ার বিয়ে হয়।

দিনাজপুর শহরে ব্যবসায় উন্নতির ধারাবাহিকতায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাবা ইস্কান্দার মজুমদার এর নেতৃত্বেই দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সাংগঠনিক রূপ লাভ করে। প্রতিষ্ঠাকাল ১৯৭৫ সাল থেকে ১৯৮৪ সাল পর্যন্ত দীর্ঘ ১০ বছর যাবৎ তিনি দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ছিলেন। ৮০’র দশকে তিনি শহরের বালুবাড়ি এলাকায় জায়গা কিনে বাড়ি করেন।
ঘাসিপাড়া এলাকার মাতৃছায়ার ভাড়া বাসা ছেড়ে খালেদা জিয়ার মা-বাবা ভাই বোন ও পরিবারের সদস্যরা বালুবাড়ি এলাকায় নিজেদের বাড়িতে উঠেন। নতুন দ্বিতল এই বাড়িটির নাম ‘তৈয়বা ভিলা’। খালেদা জিয়ার মা বেগম তৈয়বা মজুমদারের নাম অনুসারে বাড়িটির নামকরণ করা হয়। মৃত্যুর আগ পর্যন্ত খালেদা জিয়ার বাবা-মা ও পরিবারের সদস্যরা এই বাড়িতেই বাস করতেন।
পতাকানিউজ/এএস/কেএস

