আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে রাজধানীসহ সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বাহিনীটির মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেছেন, ২১ ফেব্রুয়ারি ঘিরে যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় র্যাবের স্পেশাল ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। নিষিদ্ধ ঘোষিত কোনো দল বা সংগঠনের সদস্যরা যাতে শহীদ মিনার এলাকায় প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়েও বিশেষ নজরদারি রাখা হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে র্যাব মহাপরিচালক বলেন, বর্তমানে নির্দিষ্ট কোনো নিরাপত্তা হুমকি নেই। তবে সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শুধু কেন্দ্রীয় শহীদ মিনার নয়, সারাদেশে যেসব শহীদ বেদিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে, সেসব স্থানেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
তিনি জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে নিরাপত্তাজনিত বড় ধরনের ঝুঁকির তথ্য নেই। তারপরও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় র্যাব সদস্যরা মোতায়েন থাকবেন। পুরো এলাকা ৬৪টি সিসিটিভি ক্যামেরার আওতায় এনে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, শহীদ মিনার এলাকায় ইনার ও আউটার পেরিমিটার নির্ধারণ করে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পুরো এলাকাকে কয়েকটি সেক্টরে ভাগ করে প্রতিটি সেক্টরে ফুট পেট্রোল, মোবাইল টহল এবং স্ট্রাইকিং রিজার্ভ রাখা হবে। বোমা ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড প্রস্তুত থাকবে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা নজরদারি জোরদার করবেন।
মহাপরিচালক বলেন, ২০ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকাসহ সারাদেশে পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য দায়িত্ব পালন করবেন। গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে, যাতে কোনো ধরনের নাশকতা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় তিন শতাধিক র্যাব সদস্য দায়িত্বে থাকবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন দাবি আদায়ের নামে সাধারণ মানুষকে জিম্মি করে কোনো ধরনের বিশৃঙ্খল কার্যক্রম বরদাশত করা হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে আরও উন্নত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
র্যাবের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আগত সর্বস্তরের মানুষকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
-পতাকানিউজ

