ফেনী শহরতলীর লালপোল বেদেপল্লী এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালিত বিশেষ অভিযানে মাদকসহ আটক ৫ যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার, ১৭ আাগস্ট দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ফেনীর উদ্যোগে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তারের নেতৃত্বে লালপোল বেদেপল্লীর পশ্চিম পাশে এ অভিযান পরিচালিত হয়।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- ফেনী সদর উপজেলার অলিপুর ধলিয়া এলাকার মো. দিদার হোসেন (২৭), হাসানপুর এলাকার ইমন হোসেন পাটোয়ারী (২৫), বেতাগা বটতলা এলাকার মো: ওসমান গণি (৩০), মৌলইছা এলাকার কাজী নজরুল ইসলাম জুয়েল (৩০) ও নোয়াখালীর সুধারাম থানার বাসিন্দা (বর্তমানে ফেনী সদর নিবাসী) মো. সোহেল (৩১)।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানে মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে ঘটনাস্থল থেকে ৫ ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদক নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড এবং ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ জানান, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পতাকানিউজ/এএএম/আরবি

