চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ।
শনিবার, ২৫ জুলাই বেলা ১২টায় উপজেলার হাইলধর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পূর্ব গুজরা এলাকার চৈতন্য মহাজন বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- একই এলাকার স্থানীয় মৃত রেবতি দাশ গুপ্তার ছেলে স্বপন দাশ গুপ্ত (৬৫) এবং তার স্ত্রী কল্পনা দাশ (৫৫)। ঘাতক ছেলে রিমন দাশ গুপ্ত (৪২)।
ঘটনার প্রত্যক্ষদর্শী নিহত কল্পনা দাশের ছোটো জা তিথি দাশ বলেন, ছেলেটি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। কয়েকবার মাদক নিরাময় কেন্দ্রে ছিল। আজ সকালে তারা বাবা-মা-ছেলে বাইরে গিয়ে পৌন ১২টায় বাড়ি পৌঁছে। কিছুক্ষণ পর ছেলে ছুরি দিয়ে তার মাকে আঘাত করছিল। এসময় মাকে বাঁচাতে তার বাবা এগিয়ে গেলে ছেলে বাবকেও আঘাত করে। এরপর আমরা আশেপাশের মানুষ ডাকতে যায়। এসে দেখি তার মা ঘটনাস্থলে মারা গেছে আর বাবাকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।
স্বপন দাশের মৃত্যুর বিষয়ে আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে পাঠানোর সময় তার মৃত্য হয়। আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি।
এ বিষয়ে আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ছেলেকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে আরেকজনের মরদেহ রয়েছে। দুজনের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
পতাকানিউজ/আরবি

