চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. শওকত আলী বলেছেন, ‘মাদক নিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, প্রয়োজন নৈতিক মূল্যবোধের বিকাশ এবং সামাজিক প্রতিরোধ। পরিবারই সামাজিক প্রতিরোধের প্রথম ও প্রধান সূতিকাগার।’
রবিবার, ২১ জুন সকাল সাড়ে ১০ টায় সরকারি সিটি কলেজ অডিটোরিয়ামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উদ্যোগে আয়োজিত ‘মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে তরুণদের করণীয় ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিএমপি কমিশনার আরও বলেন, ‘পরিবার থেকে সন্তানদের মধ্যে নৈতিক শিক্ষা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে পারলে মাদকাসক্তি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। মাদকমুক্ত বাংলাদেশ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ এবং রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে।’
সরকারি সিটি কলেজের অধ্যক্ষ আবু ছালেহ মোহাম্মদ নঈম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হোসেন মোল্লা ও কলেজের উপাধ্যক্ষ প্রফেসর জসিম উদ্দিন আহমেদ।
আলোচক ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ আলমগীর। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপ-পরিচালক মো. মানজুরুল ইসলাম।
সেমিনারে বক্তারা মাদকাসক্তি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, নৈতিক মূল্যবোধের বিকাশ, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে তরুণদের সক্রিয় অংশগ্রহণ এবং পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
এতে আরও উপস্থিত ছিলেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমানসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সরকারি সিটি কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
পতাকানিউজ/আরবি

