ইউরোপে অবৈধ অভিবাসীর ঢল নামাতে মানব পাচারচক্রের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে রাশিয়ার গোয়েন্দারা—এমনই বিস্ফোরক দাবি করেছেন বুলগেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ড্যানিয়েল মিতভ।
ব্রিটিশ দৈনিক দ্য টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে মিতভ বলেন, রাশিয়ার বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো সরাসরি সম্পৃক্ত রয়েছে সেই অপরাধচক্রের সঙ্গে, যারা ইউরোপে অবৈধ অভিবাসীদের পাঠাচ্ছে। তার মতে, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাজ্যকে অস্থিতিশীল করতেই বৈরি দেশগুলো এই অভিবাসী সঙ্কটকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে।
আগামী সপ্তাহে লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের উদ্যোগে ইউরোপীয় দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে পশ্চিম বলকান হয়ে ইউরোপে অবৈধ অভিবাসন ঠেকাতে যৌথ কৌশল নিয়ে আলোচনা হবে। সেই বৈঠকের আগমুহূর্তেই রাশিয়ার বিরুদ্ধে এমন অভিযোগ তুলল বুলগেরিয়া।
মিতভ আরও জানান, রুশ গোয়েন্দারা শুধু পাচারচক্রের সঙ্গে নয়, বরং যুক্তরাজ্য ও অন্যান্য ইউরোপীয় দেশ থেকে বিতাড়ন ঠেকাতে অভিবাসীদের পরামর্শ দিচ্ছে বলেও প্রমাণ রয়েছে তাদের হাতে।
তার দাবি, কিছু বামপন্থি মানবিক সংগঠনও পাচারচক্রের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যোগাযোগ রাখছে। বুলগেরিয়া সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের শেনজেন অঞ্চলে যোগ দেওয়ায় তুরস্ক হয়ে অবৈধভাবে প্রবেশ করা অভিবাসীরা এখন সহজেই ইউরোপের অন্যান্য দেশে পৌঁছাতে পারছে।
মিতভ বলেন, কিছু এনজিও হয়তো অজান্তেই রাশিয়া ও পাচারচক্রের কাজে সহযোগিতা করছে। নব্য-মার্কসবাদী এই গোষ্ঠীগুলো আদর্শের দোহাই দিয়ে সীমান্তহীন পৃথিবীর স্বপ্ন দেখাচ্ছে, কিন্তু বাস্তবে তারা অপরাধীদের হাতই শক্তিশালী করছে।
পতাকানিউজ/এআই

