মানবপাচার ও অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তারের পর জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামকে ছেড়ে দেওয়ায় তদন্ত কর্মকর্তাকে (আইও) তলব করেছেন আদালত।
বুধবার, ১২ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন। তদন্ত কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির হয়ে কারণ জানাতে বলা হয়েছে।
ফখরুলকে ছেড়ে দেয়া নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে বাদীর আবেদনের শুনানি শেষে এই আদেশ আসে।
বাদীপক্ষে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী আব্দুল খালেক মিলন, সুমন ভুইয়া ও জিল্লাল হোসেন।
এর আগে সোমবার রাতে বিদেশ থেকে দেশে ফেরার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ ফখরুল ইসলামকে গ্রেপ্তার করে। তবে কয়েক ঘণ্টার মধ্যেই বনানী থানা থেকে তিনি মুক্তি পান।
বনানী থানার ওসি জানান, ফখরুলকে একজন আইনজীবীর তত্ত্বাবধানে মুক্তি দেওয়া হয়েছে, শর্ত হিসেবে তিনি দুই দিনের মধ্যে আদালতে হাজির হয়ে জামিন চাইবেন।
মামলাটি গত ৪ নভেম্বর বনানী থানায় করেন আরইউএল ইন্টারন্যাশনালের ম্যানেজিং পার্টনার মো. রুবেল হোসেন। অভিযোগে বলা হয়, ফখরুল ইসলাম ও তার সহযোগী জসিম উদ্দিন প্রায় তিন কোটি দুই লাখ টাকার বেশি আত্মসাৎ করেছেন।
রুবেলের অভিযোগ, মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে ফখরুল ৫৫ জন কর্মীর জন্য টাকা নেন, কিন্তু পাঠানো ২৮ জনকে নির্ধারিত কোম্পানিতে কাজ না দিয়ে অন্যত্র আটকে রেখে নির্যাতন করা হয়। বাকি টাকা ফেরত চাওয়ায় হুমকিও দেওয়া হয়।
ফখরুল ইসলামের বিরুদ্ধে আগেও প্রতারণা ও মানবপাচারের মামলা ছিল বলে জানা গেছে।
পতাকানিউজ/এআই

