মানিকগঞ্জের সদর উপজেলায় হাটিপাড়া ইউনিয়নের চৌকিঘাটা এলাকায় ইছামতি নদীর শাখা খালে ফাঁদ পেতে অভিনব কায়দায় একটি কুমির ধরেছে এলাকাবাসী। এর আগে ওই শাখা নদীতে স্থানীয়রা কুমির দেখে আতঙ্কিত হয়েছিলেন। পরে ফাঁদ পেতে সেই কুমিরটি ধরে এলাকাবাসী। শুক্রবার রাত ৯টায় কুমির ধরা হয়।
এলাকাবাসীর তথ্য অনুযায়ী, গত ৭ দিন যাবত কুমিরটি এই খালে বিচরণ করছিল। সরকারের তরফ থেকে কোন উদ্যোগ গ্রহণ না করায় সমস্ত গ্রামবাসী দড়ি দিয়ে ফাঁদ পেতে কায়দা করে এই কুমিরটি ধরে ফেলে। খালটির আশেপাশে জনবসতি থাকায় এলাকার মানুষ কুমির দেখে আতঙ্কিত হয়ে পড়েছিলেন। এলাকাবাসীর ধারনা, খালে আরো কুমির আছে।
এর আগে, ধুলশুড়া ও হারুকান্দি ইউনিয়নের পদ্মা শাখা নদীতে বিভিন্ন সময় এলাকাবাসী কুমির দেখতে পান। তবে ঠিক সেই কুমিড় এটি কিনা তা কেউ বলতে পারেনি। হাটিপাড়া এলাকার বাসিন্দা সাইদুল জানান, কয়েকদিন যাবত এলাকার মানুষ কুমির নিয়ে আতঙ্কের কথা বলছিলেন। কেউ কেউ ভিডিও ধারণ করে প্রচার করে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর আগে আশেপাশের অনেক জায়গায় কুমির দেখে স্থানীয়রা বনবিভাগের কর্মকর্তাদের জানান। তারা পানি শুকিয়ে গেলে এলাকায় যাবেন বলে এলাকাবাসীকে জানান।
চৌকিঘাটা গ্ৰামের বাসিন্দা মুন্নু বলেন, ধরা পড়া কুমিরটি খালে আগেও দেখা গিয়েছিল। আশেপাশে বাড়িঘর থাকায় আতঙ্ক সৃষ্টি হওয়ার কারণে এলাকাবাসী নিজ উদ্যোগে বিশেষ কায়দায় কুমিরটিকে পাকড়াও করে। কুমিরটি নিরাপদ স্থানে রেখে বন বিভাগকে খবর পাঠানো হয়েছে। এটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে হরিরামপুর উপজেলা বন কর্মকর্তা মো: শরীফুল ইসলাম জানান, ঢাকা বন বিভাগ থেকে একটি টিম রওনা হয়েছে। তারা ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

