ব্যবসায়ীকে হুমকি-ধমকি, ভয় দেখানোর অভিযোগে করা মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দেয়া হয়েছে। সোমবার, ১২ জানুয়ারি ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেন মেহজাবীন ও তার ভাইয়ের আইনজীবী তুহিন হাওলাদার।
মামলার বাদী আমিরুল ইসলাম।
মামলার অভিযোগে বলা হয়, বাদী আমিরুলের সঙ্গে মেহজাবীনের দীর্ঘদিনের পরিচয়। সেই সূত্রে মেহজাবীনের নতুন পারিবারিক ব্যবসার অংশীদার হিসেবে যুক্ত হতে ২৭ লাখ টাকা দেন তিনি। এরপর মেহজাবীন ও তার ভাই দীর্ঘদিন ধরে ব্যবসায়িক কার্যক্রম শুরুর উদ্যোগ নেননি। ব্যবসায়িক কার্যক্রম শুরু না করায় বাদী বিভিন্ন সময় টাকা চাইতে গেলে ‘আজ দেব, কাল দেব’ বলে সময় পার করতে থাকেন। গত বছরের ১১ ফেব্রুয়ারি পাওনা টাকা চাইতে যান। পরে ১৬ মার্চ মেহজাবীন ও আলিশান বাদীকে হাতিরঝিলের একটি রেস্টুরেন্টে যেতে বলেন। সেখানে গেলে মেহজাবীন, তার ভাইসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজন তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং মেরে ফেলার হুমকি দেন। তখন বাদী বিষয়টি সমাধানের জন্য ভাটারা থানায় যান। থানা-পুলিশ তাকে আদালতে মামলা করার পরামর্শ দেয়। এরপর তিনি আদালতে মামলা করেন।
গত বছর ৩ নভেম্বর মেহজাবিন ও আলিশানের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে ১৬ নভেম্বর তারা আদালতে হাজির হয়ে জামিন পান।
পতাকানিউজ/এএ/আরবি

