সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপংকর দাস দ্বীপ আর নেই। মালয়েশিয়ায় উচ্চশিক্ষার জন্য থাকা অবস্থায় বুধবার, ১২ নভেম্বর ভোররাতে তিনি মারা যান। বয়স ছিল ২৬ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১২টার দিকে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তার মামাতো ভাই দেবব্রত গুপ্ত দীপু।
দীপংকর দাস দ্বীপ সিলেট নগরের গোপালটিলা এলাকার বাসিন্দা। গ্রামের বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার মণ্ডলকাপন পটিজুড়ি গ্রামে। তিনি দিব্যজিত দাস ও সুস্মিতা দাস দম্পতির বড় ছেলে। ছোট ভাইয়ের নাম দিবাকর দাস ধ্রুব।
সিলেটের আরেক কনটেন্ট ক্রিয়েটর ও দ্বীপের ঘনিষ্ঠ বন্ধু নুরুল আমিন জনি বলেন, গত রাতে হঠাৎ করেই দ্বীপের বুকে ব্যথা শুরু হয়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকেরা জানান, সে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছে। পরে অন্য হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
জনি আরও জানান, দ্বীপের মরদেহ দেশে আনতে দুই-এক দিন সময় লাগবে।
দীপংকর দাস দ্বীপ ছিলেন সিলেটের অন্যতম জনপ্রিয় ফ্যামিলি কনটেন্ট ক্রিয়েটর। মা, ছোট ভাই, নানী ও বন্ধুদের সঙ্গে তৈরি করা তার হাস্যরসাত্মক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। পারিবারিক ভালোবাসা, হাস্যরস ও ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়া ছিল তার কনটেন্টের মূল বৈশিষ্ট্য।
তার আকস্মিক মৃত্যুর খবরে শোকস্তব্ধ হয়ে পড়েছে সিলেটের কনটেন্ট ক্রিয়েটর মহল ও তরুণ সমাজ। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দ্বীপের পুরোনো ভিডিও শেয়ার করে শোকবার্তা প্রকাশ করছেন।
পতাকানিউজ/এআই

