চট্টগ্রাম বিজ্ঞান পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষক দিলীপ কুমার পাল মারা গেছেন।
মঙ্গলবার, ৪ নভেম্বর পশ্চিমবঙ্গের কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
মৃত্যুকালে এই শিক্ষক স্ত্রী অঞ্জলী কুমার পালসহ অসংখ্য ছাত্র-ছাত্রী এবং শুভানুধ্যায়ী রেখে গেছেন।
দিলীপ কুমার পালের ছাত্র প্রকৌশলী জ্যোতির্ময় ধর জানান, স্যার কিছুদিন আগে চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। গতকাল চিকিৎসাধীন অবস্থায় সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
তিনি আরও জানান, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের আগে তিনি বাকলিয়া স্কুলের বিজ্ঞানের শিক্ষক ছিলেন। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় বাকলিয়া স্কুলের ল্যাবরেটরি স্থাপন হয়।
দিলীপ কুমার পালের প্রিয় এই ছাত্র আরও জানান, চট্টগ্রাম বিজ্ঞান পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনও করেছেন। প্রখ্যাত বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম ও ড. শফিক হায়দার চৌধুরীর স্নেহভাজন ছিলেন।
পতাকানিউজ/এআই

