দুবাইয়ের শাসক ও সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশেদের মেয়ে শেখা মাহরা আবারো আলোচনায়। গত বছর ইনস্টাগ্রামে স্বামী শেখ মানাকে তালাক দেওয়ার পর এবার তিনি বাগদান সারলেন মার্কিন র্যাপার ফ্রেঞ্চ মন্টানার সঙ্গে।
মন্টানার প্রতিনিধির বরাত দিয়ে মার্কিন বিনোদনভিত্তিক সাইট টিএমজেড জানিয়েছে, গত জুনে প্যারিস ফ্যাশন সপ্তাহে তিনি মাহরাকে প্রস্তাব দেন। তবে আনুষ্ঠানিক বিয়ের তারিখ এখনো নির্ধারণ হয়নি।

মাহরা আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে যুক্তরাজ্য থেকে পড়াশোনা করেছেন। ২০২৩ সালের মে মাসে তিনি শেখ মানাকে বিয়ে করেছিলেন। কিন্তু এক বছরের মধ্যেই সম্পর্ক ভেঙে যায়। বিচ্ছেদের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত সেই তালাকের ঘোষণাই তাকে ভাইরাল করে তোলে। পরের বছর তিনি নিজের ব্র্যান্ড থেকে ‘ডিভোর্স’ নামের পারফিউম বাজারে এনে ব্যবসায়িক সাফল্যও পান।
বিচ্ছেদের কিছুদিন পর থেকেই মাহরা ও মন্টানার সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। তাদের একসঙ্গে দুবাই, মরক্কো ও প্যারিসে দেখা গেছে। অবশেষে সাম্প্রতিক বাগদানের খবরে সেই গুঞ্জন সত্যি হলো।

অন্যদিকে, মরক্কোয় জন্ম নেওয়া ফ্রেঞ্চ মন্টানার আসল নাম করিম খারবুশ। ছোটবেলায় তিনি যুক্তরাষ্ট্রে চলে যান এবং সংগীতজীবন শুরু করেন। ‘আনফরগেটেবল’-সহ বেশ কয়েকটি জনপ্রিয় গানের জন্য তিনি বিশ্বজুড়ে খ্যাতি পান। শুধু শিল্পী নন, বিভিন্ন দেশে স্বাস্থ্য ও শিক্ষা খাতে দাতব্য কার্যক্রমের জন্যও তিনি প্রশংসিত।
পতাকানিউজ/ওয়াইএস

