রাজধানীর মালিবাগের বকশীবাগ এলাকায় ভাড়া বাসা থেকে সুরভী আক্তার মাহফুজা নামের এক তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী আশিকুর রহমান মোল্লা পলাতক।
পুলিশ জানায়, সোমবার বিকেলে বকশীবাগ মসজিদ এলাকার ৪৯৩/এ নম্বর বাসার নিচতলায় একটি ঘর থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করে। স্থানীয় লোকজনের সন্দেহ হলে খবর দেয়া হয় থানায়। পরে শাহজাহানপুর থানা পুলিশ গিয়ে বস্তাবন্দি অবস্থায় তরুণীর লাশ উদ্ধার করে।
প্রথমে অজ্ঞাতপরিচয় হিসেবে লাশ উদ্ধার করা হলেও রাতেই নিহতের পরিচয় শনাক্ত হয়।
শাহজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম জানান, সুরভী ও আশিকুর একই টেইলার্সে কাজ করতেন। সেই সূত্রে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, পরে তারা বিয়ে করেন। বিয়ের পর ওই বাসাতেই থাকতেন তারা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা করে পালিয়ে গেছেন আশিকুর। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
নিহত সুরভীর ভাই হৃদয় খান বলেন, তাদের গ্রামের বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর গ্রামে। বাবা নুরুল হক খান স্থানীয় ব্যবসায়ী। প্রায় ছয় বছর আগে আশিকুরের সঙ্গে সুরভীর বিয়ে হয়। তাদের চার বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
হৃদয়ের ভাষায়, দুই বছর আগে আশিকুর আমার বোনকে মারধর করেছিল। তখন বোন বলেছিল, আর সংসার করবে না। পরে আবার তাদের মধ্যে সম্পর্ক ঠিক হয়। তখন থেকে বোনের সঙ্গে আর আমাদের তেমন যোগাযোগ ছিল না।
তিনি আরও বলেন, সোমবার বিকেলে পুলিশের ফোনে খবর পাই। ঢাকায় এসে দেখি, আমার বোনের লাশ বস্তার মধ্যে।
পুলিশ জানায়, এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।
পতাকানিউজ/এআই

